| বঙ্গাব্দ
ad728
ad728

দুর্ঘটনা ও স্ট্রোকের রোগীদের পুনর্বাসনে গুরুত্ব দিলেন স্বাস্থ্য পরিচালক

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 9641 বার পঠিত
দুর্ঘটনা ও স্ট্রোকের রোগীদের পুনর্বাসনে গুরুত্ব দিলেন স্বাস্থ্য পরিচালক
ছবির ক্যাপশন: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে অতিথি ও চিকিৎসকেরা।

দুর্ঘটনা, স্ট্রোক ও বিভিন্ন রোগে শারীরিক সক্ষমতা হারানো মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেছেন, পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে এ চিকিৎসাসেবার প্রচার বাড়ানো জরুরি।

রোববার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে একই বিভাগের তৃতীয় বর্ষপূর্তিও উদযাপন করা হয়। এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও কেক কাটার আয়োজন করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্ট্রোক ও দুর্ঘটনার পর অনেক রোগী শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক ট্রমার মধ্যেও থাকেন। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর রোগীর সুস্থতা ও স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতে দক্ষ জনবল তৈরি, বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো, আধুনিক প্রযুক্তি ও রোবটিক রিহ্যাবিলিটেশনের ব্যবহার, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. মো. একরাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, বাতব্যথা, ক্যান্সার, জন্মগত ও স্নায়বিক প্রতিবন্ধকতা এবং বয়সজনিত শারীরিক অক্ষমতায় আক্রান্ত মানুষের জন্য পুনর্বাসন চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ চিকিৎসার মাধ্যমে রোগীর ব্যথা নিয়ন্ত্রণ, দৈনন্দিন কাজে স্বনির্ভরতা এবং সামাজিক ও পেশাগত জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হয়।

বৈজ্ঞানিক সেমিনারে নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, ফ্রোজেন শোল্ডার ম্যানেজমেন্ট, কার্ডিও-পালমোনারি, স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক, পেডিয়াট্রিক, জেরিয়াট্রিক এবং ক্যান্সার রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর