জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে মানসিক ও শারীরিক সুস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়া এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে ও সিআরবি চট্টগ্রামের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে ঝাড়ু ও বেলচা দিয়ে ময়লা পরিষ্কারের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নতুন রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নগরীর একটি ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ এ স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাঁদের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও রয়েছেন। তাই স্টেশন এলাকাকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি, যাতে কেউ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত না হন।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা ও বিবেকবোধ জাগ্রত হলে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার উদ্যোগ সফল হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার দে, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |