| বঙ্গাব্দ
ad728
ad728

চসিক এলাকায় ৩ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে, মেয়র

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 16-04-2026 ইং
  • 553 বার পঠিত
চসিক এলাকায় ৩ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে, মেয়র
ছবির ক্যাপশন: হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলনে চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন।

এতে আরও বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ড. জাহাঙ্গীর আলম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. ইমং প্রো চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

মেয়র বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি।

তিনি জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

চসিক সূত্রে জানা যায়, ৪১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ-আপ টিম ও ১৪টি সন্ধ্যাকালীন সেশন পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিভাবকদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না।

মেয়র বলেন, এই কর্মসূচি সফল করতে সাংবাদিক, শিক্ষক, ইমাম, পেশাজীবীসহ সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুস্থ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

আগামী ২০ এপ্রিল সকাল ১০টায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর