ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মতে, সচেতন জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিসজনিত নানা জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে আয়োজিত র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) ‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যে হাসপাতালটির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগের প্রাথমিক শনাক্তকরণের বার্তা তুলে ধরা হয়।
পরে দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলার কনফারেন্স হলে ‘Scientific Seminar on World Diabetes Day 2026: Early Action on Diabetes’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। রোগের ঝুঁকি কমাতে শুরু থেকেই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।
সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ. এস. এম. জাহেদ, পার্কভিউ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা।
আলোচনায় ডা. মো. রফিক উদ্দিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের বিকল্প নেই। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এ রোগের জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসক ও রোগী উভয়ের সচেতনতা জরুরি। চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনস্বাস্থ্য সচেতনতায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |