কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে অভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেট তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার ও বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |