| বঙ্গাব্দ
ad728
ad728

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদ, পরীক্ষায় হবে নিয়োগ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 4782 বার পঠিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদ, পরীক্ষায় হবে নিয়োগ
ছবির ক্যাপশন: এনটিআরসিএর নতুন পদ্ধতিতে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রস্তুতি।

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য শিক্ষক পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। এসব পদে এবার আর আগের মতো শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। খুব দ্রুতই এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্য পদের তথ্য যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি ‘নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ নামে প্রকাশিত হতে পারে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এবারই প্রথম সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের চাহিদা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং যাচাই শেষে দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

নতুন পদ্ধতিতে প্রার্থীদের প্রথমে ২০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। উভয় পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদেরই কেবল শিক্ষক নিয়োগের সনদ দেওয়া হবে।

বর্তমানে দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে হলে প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হয়। পরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন নিয়ে শূন্য পদের বিপরীতে এনটিআরসিএ প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নতুন পদ্ধতিতে এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে।

এনটিআরসিএ সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়, যা ‘ই-রিকুইজিশন’ নামে পরিচিত। কয়েক দফা সময় বাড়ানোর পর গত ১৫ মার্চ এ কার্যক্রম শেষ হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর