চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরাতন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করার এই ক্ষণে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ঐতিহাসিক সিরিষ গাছটি প্রায় ১২৫ বছর ধরে মানুষের উপকার করে আসছে, যা একটি অমূল্য সম্পদ।
করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তখন অক্সিজেনের অভাবে মানুষের বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। অথচ প্রকৃতি আমাদের প্রতিনিয়ত বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে, তাই পরিবেশ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে ২৫০ দিনের আন্দোলনের মাধ্যমে এলাকাটি রক্ষা করা হয়েছিল, যা চট্টগ্রামবাসীর পরিবেশ সচেতনতার বড় উদাহরণ।
মেয়র বলেন, রেলওয়ের অধীন হলেও এই এলাকার পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। সবাই মিলে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
নতুন প্রজন্মকে বাংলা মাস ও ছয় ঋতুর ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, চসিকের উদ্যোগে স্বাধীনতা বইমেলা চলছে এবং ১৮ তারিখ পর্যন্ত চলবে। তিনি সবাইকে বইমেলায় গিয়ে বই সংগ্রহের আহ্বান জানান।
সবশেষে তিনি চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |