চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো, একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু (৪৯) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোস্তফা কামাল টিপু আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত ‘আয়ান এন্টারপ্রাইজ’নামের তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
তথ্যের ভিত্তিতে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সালী,
সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) খায়রুল বাশার এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদের নেতৃত্বে এক বিশেষ অভিযানিক দল গতকাল (২৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে টিপুকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে টিপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও গুলির বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি এবং বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন।
পরবর্তীতে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের সামনে তার অফিস তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট-বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া গেছে।
ওসি বাবুল আজাদ নিশ্চিত করেন, গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানোর ছবি ও ভিডিও ফুটেজ আছে।
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে টিপু বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় ব্যবহার করা হয়েছিল।
পরবর্তীতে টিপু অস্ত্রগুলো তার অফিসে লুকিয়ে রাখেন এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করেন।
মোস্তফা কামাল টিপু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর এলাকায় ‘সন্ত্রাসী টিপু’ নামে পরিচিত।
তিনি ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একাধিক হত্যা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |