শ্রেণিকক্ষের প্রযুক্তিগত জ্ঞান এবার কাজে লাগবে সমাজের বাস্তব সমস্যা সমাধানে। সাইবার অপরাধ প্রতিরোধ, ভুয়া তথ্য শনাক্তকরণ, ডিজিটাল নিরাপত্তা ও পরিবেশ সচেতনতা বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কাজ করবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
এ লক্ষ্যে বিভাগের উদ্যোগে চালু হয়েছে ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করেন।
‘বিয়ন্ড ক্লাসরুমস, ইনটু কমিউনিটিজ, টুওয়ার্ডস এ স্মার্টার চট্টগ্রাম’ স্লোগানে এ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগানো এবং সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তি ও পরিবেশবিষয়ক সচেতনতা তৈরি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান ও প্রযুক্তিগত সচেতনতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক মো. সাদাত জামান খান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর অব কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ মো. হাসান এবং অতিথি শিক্ষক মো. আসিফ রহমান ও মো. তাসনিম আহমেদ।
কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, কোতোয়ালি, খুলশী, পাহাড়তলী, সদরঘাট, ডাবলমুরিং, হালিশহর ও আকবরশাহ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন শিক্ষার্থীরা।
এসব কার্যক্রমে ভুয়া সংবাদ ও ডিপফেক শনাক্তকরণ, ফিশিং, ওটিপি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতি, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
এ ছাড়া প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, বন উজাড় ও পরিবেশ সংরক্ষণ নিয়েও কাজ করবেন শিক্ষার্থীরা।
কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বিভাগের অতিথি শিক্ষক মো. আসিফ রহমান ও মো. তাসনিম আহমেদ, কো-অর্ডিনেটর অব কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ মো. হাসান এবং একাডেমিক কো-অর্ডিনেটর মো. রেজাউর রহমান চৌধুরী।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব সমস্যা সমাধান ও সামাজিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করবেন। প্রযুক্তিনির্ভর সচেতনতা তৈরির মাধ্যমে নিরাপদ, পরিচ্ছন্ন ও স্মার্ট চট্টগ্রাম গড়তেও কর্মসূচিটি ভূমিকা রাখবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |