নগরীতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা কমাতে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে সাতটি লেজার স্পিড ক্যামেরা পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে তিনটি সড়কে পাইলট প্রকল্পের আওতায় গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সড়কগুলো হলো—বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। এর ফলে প্রতিবছর সড়কে প্রায় ১০০ প্রাণহানির ঘটনা ঘটে।
এ কার্যক্রম বাস্তবায়নে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে লেজার স্পিড ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ চেকপয়েন্ট স্থাপনের ব্যবহারিক অনুশীলন করানো হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে সাতটি দলে ভাগ হয়ে পুলিশ সদস্যরা বায়েজিদ লিংক রোডে পৃথক চেকপয়েন্ট স্থাপন করে স্পিড ক্যামেরা ব্যবহারের অনুশীলন করেন।
সিএমপিকে সাতটি স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট পরিচালনার জন্য ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইন, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য স্পিড ব্রেকার এবং আটটি ক্যানভাস তাঁবু দেওয়া হয়েছে।
১০ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সমাপনী অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সনদ তুলে দেন।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সাতটি স্পিড ক্যামেরা যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে আরও নিয়মতান্ত্রিকভাবে গতিসীমা পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ করা সম্ভব হবে।
সিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, নতুন প্রযুক্তির ব্যবহার নগরীর সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |