গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত এ সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায় ও মতামতকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে অগ্রাহ্য করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়নের পরিবর্তে দলীয়করণ ও ভিন্নমত দমনের সংস্কৃতি গড়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, গণরায়ের বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সময়ের দাবি।
সমাবেশ শেষে গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |