শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, বইপড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শুধু অবকাঠামো নয়, জ্ঞানের ভাণ্ডার ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। বর্তমানে সমাজে নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে, যা উন্নত জাতি গঠনের পথে বাধা সৃষ্টি করছে।
তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষিকা সিমা মুৎসুদ্দির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে মেয়র বিদায়ী শিক্ষিকা সিমা মুৎসুদ্দিকে ক্রেস্ট প্রদান করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। যারা পুরস্কার পায়নি, তাদের আগামীতে ভালো করার জন্য উৎসাহিত করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সেবা দেওয়া একজন শিক্ষিকাকে সম্মান জানানো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। শিক্ষকদের সম্মান করাই প্রকৃত শিক্ষার অংশ।
তিনি আরও বলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বই মানুষের জ্ঞান সমৃদ্ধ করে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং মনীষীদের জীবন ও আদর্শ অনুসরণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
মেয়র শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার আদায়েরও পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সকালের নাস্তা করে স্কুলে আসা উচিত, কারণ সুষম খাদ্য মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।
তিনি জানান, চসিকের অধীনে স্কুল-কলেজে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন সুবিধা পাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |