জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
১৫ এপ্রিল বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনটি সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে বৃহত্তর বাকলিয়া, ঐতিহ্যবাহী শিক্ষা কেন্দ্র চকবাজার, শহরের মূল কেন্দ্র কোতোয়ালী এবং ডবলমুরিং ও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা নিয়ে গঠিত এই আসন দেশের অর্থনীতি ও প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি ও রাজনৈতিক গুরুত্বের কারণে প্রচলিত রয়েছে যে এই আসন থেকে নির্বাচিত ব্যক্তি সাধারণত সরকার গঠনকারী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতি জড়িত থাকায় কালুরঘাট সেতুর নাম তাঁর নামে করার দাবি জানান তিনি।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে এই সেতুর যথাযথ উন্নয়ন হয়নি। এখন দ্রুত উন্নয়ন কাজ শুরু করারও আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি সংসদে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ফটোকার্ড ও প্রোপাগান্ডা রোধে সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান।
তিনি বলেন, বাকস্বাধীনতা ও অপরাধের সীমারেখা স্পষ্ট করতে হবে, যাতে বিভ্রান্তি ও অপপ্রচার রোধ করা যায়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |